অক্টোবর ১৩, ২০২৬, ০২:০৪ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদারে বিশেষ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে দি স্যালভেশন আর্মি বাংলাদেশ টেরিটোরির সহনশীলতা বাংলাদেশ প্রজেক্টের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে ছয়জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকালীন জরুরি উদ্ধার তৎপরতা চালানোর জন্য ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে দুটি বড় হাতকরাত হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। ৯ নম্বর কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় কুশদহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, দি স্যালভেশন আর্মি বাংলাদেশ টেরিটোরির ঝিমালী কোর অফিসার ক্যাপ্টেন তুষার দাস এবং সহনশীলতা বাংলাদেশ প্রজেক্টের চ্যাপলিন ক্যাপ্টেন শিপ্রা মণ্ডল উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শারীরিক প্রতিবন্ধীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং তাদের প্রতিদিনের দুর্ভোগ লাঘবে এই হুইলচেয়ারগুলো প্রদান করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের পর চলাচলের পথ সুগম রাখা অত্যন্ত জরুরি।
ঝড় বা অন্যান্য দুর্যোগের সময় সড়কে গাছ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে তা দ্রুত অপসারণের মাধ্যমে জরুরি উদ্ধার তৎপরতা স্বাভাবিক রাখতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে এসব করাত দেওয়া হয়।
দি স্যালভেশন আর্মি বাংলাদেশ টেরিটোরির এই প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা প্রদান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সক্ষমতা তৈরিতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন