রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৪:০৬ পিএম

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে বড় টান পড়ল। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য তালিকা ঘোষণা করা হয়। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও মূল্য সমন্বয় করতে হয়েছে। নতুন এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই সারা দেশে কার্যকর হবে।

জানুয়ারি মাসের নতুন মূল্য তালিকা:

১২ কেজি সিলিন্ডার: ১,৩০৬ টাকা (পূর্বমূল্য ১,২৫৩ টাকা)

অটোগ্যাস (লিটার প্রতি): ৫৯ টাকা ৮০ পয়সা (পূর্বমূল্য ৫৭ টাকা ৩২ পয়সা)

প্রতিবেদনে দেখা যায়, শুধু ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দামই আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। এর আগে ডিসেম্বর মাসেও প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। পর পর দুই মাস দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

এদিকে, বিইআরসি নির্ধারিত দামে বাজারে গ্যাস না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব স্থানীয় বাজারে পড়েছে। উল্লেখ্য, শীতকালীন চাহিদার কারণে বিশ্ববাজারে সাধারণত এই সময়ে এলপিজির দাম ঊর্ধ্বমুখী থাকে।