রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ দেশে সোনার ভরি কত? জানাল বাজুস

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:১৫ এএম

আজ দেশে সোনার ভরি কত? জানাল বাজুস

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর রয়েছে। এর আগে গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বৃদ্ধির এই ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

মূলত স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকায়। 

এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। জুয়েলার্স মালিকদের এই সংগঠনটি জানিয়েছে, স্বর্ণের এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে ক্রেতাদের চূড়ান্ত দাম পরিশোধ করতে হবে। 

তবে অলঙ্কারের নকশা ও মানভেদে মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।স্বর্ণের দাম বাড়লেও বাজারে বর্তমানে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন তালিকায় ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা রাখা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকায় স্থির রয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের অস্থিরতা বিবেচনায় বাজুস নিয়মিত বিরতিতে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে থাকে। সাম্প্রতিক সময়ে সোনার দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।