মার্চ ১৬, ২০২৬, ০৯:৫৩ এএম
দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে মূল্যবান এই ধাতু দুটি নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে। এর আগে গত শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানায় গত শনিবার সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি এবার সাধারণ গ্রাহকদের জন্য রুপার দামও কমিয়ে আনা হয়েছে। সবশেষ সমন্বয় অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় নির্ধারিত হয়েছে। এর আগে গত ১৩ মার্চও স্বর্ণের দাম এক দফা কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমায় জুয়েলারি ব্যবসায়ীরা বাজারে ইতিবাচক প্রভাব আশা করছেন।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ২০২৫ সালেও স্বর্ণের দাম নিয়ে বাজারে অস্থিরতা ছিল। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়। অন্যদিকে রুপার বাজারেও এ বছর বেশ কয়েকবার দর পরিবর্তন করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ২৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১১ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে স্থানীয় বাজারে এই মূল্য পরিবর্তন করা হয় বলে বাজুস কর্তৃপক্ষ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন