সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৪৭ এএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, যা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। নতুন এই বর্ধিত মূল্য আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের গহনা কেনার সময় গ্রাহকদের জন্য কিছু বাড়তি খরচও যোগ হচ্ছে। বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে, সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যখন প্রতি ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। এই নিয়ে চলতি বছর মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন