সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘হাদিরা হারালে হারাবে দেশ’: হলি টিউনের নতুন সংগীতে

শাহিন ইসলাম

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:২২ পিএম

জনপ্রিয় রেকর্ড লেবেল হলি টিউন স্টুডিও থেকে ওসমান হাদিকে উৎসর্গ করে ‘বীর হাদি ফিরে আয়’ শিরোনামে একটি নতুন দেশাত্মবোধক ও জাগরণী সংগীত প্রকাশিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভিডিও আকারে অবমুক্ত হওয়া এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আবির মাহমুদ।

হিফজুর রহমান হাম্মাদ ও হোসাইন আল হাফিজের লেখা এবং আহমদ আব্দুল্লাহর সুরে গানটি শ্রোতাদের মাঝে দেশপ্রেমের এক অনন্য আবেগ তৈরি করেছে।

সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন খিজির মুহাম্মদ এবং ভিডিও সম্পাদনা করেছেন আবু তাহের। গানটির সার্বিক তত্ত্বাবধানে মেন্টর হিসেবে ছিলেন সাইয়েদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান। গানের কথায় ওসমান হাদিকে বাংলার মাটির ‘মুক্তি সেনা’ ও ‘মহাবীর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

লিরিকে স্পষ্টভাবে বলা হয়েছে, “বুক চেতিয়ে যেই হাদিরা স্বপ্ন দেখায়া যাদের / এই হাদিরা বাংলা মাটির মুক্তি সেনা মহাবীর।” গানের মূল বার্তায় উঠে এসেছে দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন; বলা হয়েছে, “বীর হাদিরা হারিয়ে গেলে হারিয়ে যাবে আমার দেশ।” গানে রূপক অর্থে ‘চিল-শকুনের’ নজর পড়ার কথা উল্লেখ করে বলা হয়েছে, যখনই এই মাটিতে অপশক্তির লোলুপ দৃষ্টি পড়বে, তখনই বীর হাদিরা মুক্তির গান গেয়ে জেগে উঠবে। গানে ‘ঘাতক দালাল’ ও ‘টাকার কাছে নত হওয়া পরগাছা’দের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয়েছে।

এবং ‘ফ্যাসিস্টের দাস’দের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। গীতিকাররা কলমের খোঁচায় তুলে ধরেছেন যে, আবরার হত্যার মতো ঘটনা আর ঘটতে দেওয়া হবে না এবং হাদিদের মতো সন্তানেরা কাফন মাথায় বেঁধে দেশের জন্য লড়তে প্রস্তুত। গানের শেষাংশে বিপ্লবের চরম শিখরে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, “লক্ষ হাদি উঠবে জেগে কাফন দিয়ে শির বাঁধি।” দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হাদিদের মতো তরুণদের আত্মত্যাগ ও সাহসের এই গীতি-আলেখ্য শ্রোতাদের হৃদয়ে গভীর রেখাপাত করেছে।