সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০৬ পিএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার বিকেলে বিরল উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পৌর শহরে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিরলবাজার বকুলতলা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সমাবেশে সভাপতিত্ব করেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যেকোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। বিগত দিনে যারা অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের আর নতুন করে জনগণের কোনো সম্পদের ক্ষতিসাধন করতে দেওয়া হবে না। তিনি জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে যেকোনো পরিস্থিতি রাজপথে সাহসের সাথে মোকাবিলা করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
সমাবেশে বিরল উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী জানান, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও আকতারুজ্জামান বাদল এবং সাংগঠনিক সম্পাদক হায়দার আলী।
উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলামসহ যুবদলের শীর্ষ নেতৃবৃন্দও কর্মসূচিতে শামিল হন। তাদের মধ্যে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম ও খায়রুল আলম বাবু। এ ছাড়া ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান ও সদস্যসচিব আব্দুস সামাদ পুলক উপস্থিত ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্যসচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম ও সদস্যসচিব আবুল কালাম আজাদসহ বিরল উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন