জাহিদ হাসান
সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: দিনাজপুর টিভি
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন সরকারবিরোধী ও প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাইমুর রহমান পুষ্পের সঞ্চালনায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল বাহার বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায় যে একটি চিহ্নিত মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের সচেতন মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সার্বক্ষণিক মাঠে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার।
এ ছাড়াও পৌর ছাত্রদলের আহ্বায়ক সামিউল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ বিপ্লব, যুগ্ম আহ্বায়ক ইসরাফিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান তারেক, মো. সাজু ইসলামসহ উপজেলা ও পৌর ছাত্রদল এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।