শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ

মোঃ আরিফ ইসলাম

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৭:৩৩ পিএম

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ

ছবি: দিনাজপুর টিভি

পরিকল্পিত সন্ত্রাসের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের বীরগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। সমাবেশে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী (সেনা)। এ ছাড়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাসসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে যোগ দেন। সমাবেশ শেষ হওয়ার পর দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।