রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
জুয়ার আস্তানায় হানা

বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:১৯ পিএম

বীরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান,ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে জুয়ার আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে হাতেনাতে জুয়া খেলা অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে জুয়ার আসর বসার তথ্য পেয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক দিপু কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা অন্য সহযোগীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন এবং একই এলাকার মৃত সেলিমের ছেলে মঞ্জুরুল ইসলাম। আটককৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মণের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর ১৫ ধারায় আব্দুল মতিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই আইনি ধারায় অন্য অভিযুক্ত মঞ্জুরুল ইসলামকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়, তবে মঞ্জুরুল ইসলামের অর্থদণ্ডের নির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক দিপু কুমার রায় জানান একটি বড় পরিসরের জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে এই দলগত অভিযান পরিচালিত হয়। তিনি উল্লেখ করেন আসরে থাকা অন্যরা অন্ধকারের সুযোগে সটকে পড়লেও দুজনকে আটক করা সম্ভব হয়েছে। এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মূলোৎপাটন করতে এবং জুয়া নির্মূলে পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।