শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
মূল্যায়ন জরিপ

প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে অধিদপ্তর পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:৫৫ পিএম

প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে অধিদপ্তর পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর

মূল্যায়ন জরিপের জন্য নির্ধারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য অনলাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক দাপ্তরিক চিঠিতে সংশ্লিষ্ট সব বিদ্যালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠির নির্দেশনা অনুযায়ী, এএসপিআর ভিত্তিমূলক জরিপের জন্য নির্ধারিত বিদ্যালয়গুলোর তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কাজের সুবিধার্থে প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে ‍‍`এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬‍‍` নামে একটি নতুন মডিউল যুক্ত করা হয়েছে। নির্ধারিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই মডিউলে দেওয়া নির্ধারিত ছক পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে নিজস্ব আইডি দিয়ে প্রবেশ করবেন। এরপর ‍‍`জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন‍‍` মডিউল নির্বাচন করতে হবে। সেখান থেকে ‍‍`এএসপিআর ভিত্তিমূলক জরিপের তথ্য সংগ্রহ ২০২৬‍‍` অপশনে গিয়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করবেন। তথ্য যাচাই শেষে ‍‍`জমা দিন‍‍` বোতামে চেপে কাজ চূড়ান্ত করতে হবে।

মাঠপর্যায়ে তথ্য এন্ট্রি কার্যক্রম নজরদারির জন্য কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তথ্য এন্ট্রির অগ্রগতি সরাসরি তদারকি করে তা নিশ্চিত করবেন। একই সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পুরো প্রক্রিয়া সার্বক্ষণিক তদারকি করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর, যাতে নির্ধারিত ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ শেষ হয়।