শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
শিক্ষার্থী মৃত্যু তদন্ত

হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার: নেপথ্যে তদন্তে নেমেছে পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০২:১৮ পিএম

হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার: নেপথ্যে তদন্তে নেমেছে পুলিশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার সন্ধ্যায় ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির শেষ প্রান্তে অবস্থিত ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও সহপাঠীদের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সহপাঠী ও ছাত্রীনিবাসের মালিক একাধিকবার ডাকাডাকি করেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় একপর্যায়ে হাতুড়ি দিয়ে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে জানালার গ্রিলের সাথে কাপড় জড়ানো অবস্থায় তাকে নিথর দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেওয়া হয়। তিনি গত আট-নয় মাস ধরে এই ছাত্রীনিবাসে বসবাস করে আসছিলেন।

এর আগে তিনি দিনাজপুর শহরের ভিন্ন একটি ছাত্রী মেসে থাকতেন বলে জানা গেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহ সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্ত ও হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি অবহিত করা হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং আইনি বিধিবিধান অনুসরণ করে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, পারিপার্শ্বিক প্রাথমিক আলামত পর্যবেক্ষণ করে ঘটনাটি আত্মহত্যার মতো মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।