শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের পুনর্বহালের দাবি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:২৯ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়াদের পুনর্বহালের দাবি

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনের কারণে বাদ পড়াদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে রাজনৈতিক মতাদর্শের কারণে চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ এনে এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সরকারকে প্রতীকী লাল কার্ড দেখিয়েছে সংগঠনটি।

সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় বাড়ছে ক্ষোভ। সমাবেশে ছাত্রনেতারা অভিযোগ করেন, বুধবার চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে প্রায় এক হাজার ২০০ জনের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। সংবিধানের ২৯ অনুচ্ছেদে বর্ণিত সমান সুযোগের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগবঞ্চিত করা মৌলিক অধিকারের পরিপন্থি।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম বলেন, বর্তমান প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্রে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম ও সাংগঠনিক সম্পাদক জহির রাহিয়ান বিপন বলেন, চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হতে হবে মেধা ও যোগ্যতা, কোনো দলীয় আনুগত্য নয়। তারা জ্বালানি ও সারের দাম বৃদ্ধি এবং ভাইভা নম্বর বাড়িয়ে দলীয়করণের সুযোগ তৈরির অভিযোগ এনে বাদ পড়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানান।