শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
ইউক্রেন সহায়তা

ইউক্রেনের সামরিক সহায়তায় ৬৬০ কোটি ইউরো দিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:০৯ পিএম

ইউক্রেনের সামরিক সহায়তায় ৬৬০ কোটি ইউরো দিচ্ছে ইইউ

ইউক্রেনের সামরিক সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের আটকে থাকা ৬ দশমিক ৬ বিলিয়ন ইউরো বা প্রায় ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমমূল্যের বিশেষ তহবিল ছাড়ে সম্মত হয়েছে জোটের সদস্য দেশগুলো। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জোটের এই আনুষ্ঠানিক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ কয়েক মাসের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে এই অর্থ ছাড়ের বিষয়ে একমত হলো সদস্য দেশগুলো। ইউরোপীয় শান্তি সুবিধা তহবিলের আওতায় এই বিপুল অর্থ বরাদ্দ করা হচ্ছে। মূলত ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশকে প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তা প্রদান এবং সহায়তা প্রদানকারী সদস্য দেশগুলোকে প্রতিদান হিসেবে অর্থ ফেরত দিতেই এই তহবিল গঠিত হয়। ছাড় করা অর্থের একটি বড় অংশ ব্যবহার করা হবে সমন্বিত প্রতিরক্ষা কেনাকাটায়।

বরাদ্দকৃত ৬ দশমিক ৬ বিলিয়ন ইউরোর সুনির্দিষ্ট ব্যয়ের কাঠামো তুলে ধরে কাজা কালাস জানান, ৯০০ মিলিয়ন ইউরো সরাসরি ইউক্রেনের জন্য পরিচালিত ইউরোপীয় ইউনিয়নের সামরিক সহায়তা মিশনের কার্যক্রমে ব্যয় করা হবে। এর সঙ্গে আরও ১ বিলিয়ন ইউরো খরচ হবে বিভিন্ন সদস্য দেশের যৌথ উদ্যোগে নতুন সামরিক সরঞ্জাম কেনার জন্য। অবশিষ্ট ৪ দশমিক ৭ বিলিয়ন ইউরো দেওয়া হবে সেইসব সদস্য দেশকে, যারা নিজেদের সামরিক ভাণ্ডার থেকে ইতোমধ্যে ইউক্রেনকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। তবে এই পুরো ৪ দশমিক ৭ বিলিয়ন ইউরো সরাসরি ইউক্রেনের প্রতিরক্ষা তহবিলে ঢুকবে না, বরং ফেরত পাওয়া অর্থের কত অংশ তারা পুনরায় ইউক্রেনের সহায়তায় বিনিয়োগ করবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো; যদিও বেশ কয়েকটি দেশ সেই অর্থ আবার ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তায় যুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় কালাস মন্তব্য করেন, ইউরোপকে পিছু হটানোর কৌশল হিসেবে রাশিয়া বহুমুখী চাপ ও হামলা জোরদার করলেও ইউরোপ ঠিক উল্টো পথে হেঁটে ইউক্রেনের প্রতি সমর্থন আরও সুসংহত করছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের তীব্র আপত্তির কারণে এই তহবিল ছাড়ের প্রক্রিয়াটি দীর্ঘদিন আটকে ছিল। অবশেষে শুক্রবার জোটের দেশগুলোর ধারাবাহিক সমঝোতার মধ্য দিয়ে তহবিল ছাড়ের আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হয়।

রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রগুলো এখন পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৯৩ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে। এর বাইরে চলতি সেপ্টেম্বরের শুরুর দিকে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, গোলাবারুদ, ড্রোন এবং আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে আরও ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো বরাদ্দ অনুমোদন করে ইউরোপীয় কমিশন। শুধু সামরিক সরঞ্জামই নয়, যুদ্ধবিধ্বস্ত দেশটির বাজেট ও রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে ২০২৬ ও ২০২৭ সালের জন্য নির্ধারিত ৯০ বিলিয়ন ইউরোর একটি বৃহৎ ঋণ সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করছে জোটটি, যার মধ্যে ৬০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা শিল্পে এবং ৩০ বিলিয়ন ইউরো সরাসরি বাজেট সহায়তায় ব্যবহৃত হবে।