সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০২:৪৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের প্রবেশমুখে ফিসারি এলাকার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তার দুই পাশের জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বীরগঞ্জ ব্রাদার্স ক্লাব।শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের উপদেষ্টা ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবুর নেতৃত্বে ক্লাবের সদস্য, অন্যান্য উপদেষ্টা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে সরাসরি অংশ নেন।
সড়কের ওই বাঁকের দুই পাশে দীর্ঘদিন ধরে গাছপালা ও ঝোপঝাড় ঘন হয়ে বেড়ে উঠেছিল। ফলে এক পাশ থেকে অন্য পাশের যানবাহন স্পষ্ট দেখা যেত না। বিশেষ করে তীব্র বাঁক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির গাড়ি বা পথচারীদের দেখতে না পাওয়ায় সেখানে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় পথচারী ও চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ব্রাদার্স ক্লাবের সদস্যরা এই উদ্যোগ নেন। সড়কের উভয় পাশের ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় জঙ্গল কেটে পরিষ্কার করার পর বাঁকটির দৃষ্টিসীমা এখন অনেকটাই উন্মুক্ত হয়েছে।

উদ্যোগ প্রসঙ্গে ব্রাদার্স ক্লাবের উপদেষ্টা মো. রাশেদুন নবী বাবু বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। এই ঝুঁকিপূর্ণ বাঁকে ঘন ঝোপঝাড়ের কারণে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটার তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল। তাই ক্লাবের সব সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের সেবামূলক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সড়কের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।বীরগঞ্জ সাদ ক্লিনিকের মালিক ও ১১ নম্বর মরিচা ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামিম বলেন, সড়কের এই বাঁকে ঝোপঝাড়ের আড়ালে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে নজরে আসত না, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা থাকত। ব্রাদার্স ক্লাবের সদস্যরা উদ্যোগী হয়ে জায়গাটি পরিষ্কার করায় এখন পথচারী ও সব ধরনের যানবাহন চালকদের চলাচল অনেকটাই নিরাপদ হবে। তিনি সমাজের অন্য ব্যক্তিদেরও এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্লাবের সভাপতি মো. সোহেল রানা জানান, কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে সামনের দিনগুলোতেও উপজেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চালানো হবে। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, অর্থ সম্পাদক হাবিবুর হাসান, সাংগঠনিক সম্পাদক আল রাইয়াত রাফিন, উপদেষ্টা মো. জসিম, মোনায়েম ইসলাম, মুকুল, রুস্তম হোসেনসহ সংগঠনের সক্রিয় সদস্য এবং এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন