বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
তরুণদের বিজ্ঞান মেলা

বিজ্ঞান উৎসবে চমক দেখাল পাঠশালা স্কুলের শিক্ষার্থীরা

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:১৩ পিএম

বিজ্ঞান উৎসবে চমক দেখাল পাঠশালা স্কুলের শিক্ষার্থীরা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব। তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফিতা কেটে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুল হক জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী এবং পরিচালক আসাদুজ্জামান নূর। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিপুলসংখ্যক অভিভাবক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উদ্বোধনী পর্বে যোগ দেন। উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের প্রস্তুত করা বিভিন্ন বিজ্ঞান স্টল ঘুরে দেখেন। চলতি উৎসবের মূল প্রদর্শনীতে শিক্ষার্থীদের নিজস্ব ভাবনায় তৈরি মোট ২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রকল্পগুলোর কার্যকারিতা আগত দর্শনার্থী ও অতিথিদের সামনে তুলে ধরে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নদী বা জলাশয়ের পানি থেকে স্বয়ংক্রিয়ভাবে আবর্জনা অপসারণে সক্ষম রোবোটিক বর্জ্য পরিষ্কার যন্ত্র।

এছাড়া একাধিক পরিবেশবান্ধব উৎস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা, স্পর্শহীন স্বয়ংক্রিয় স্মার্ট ডাস্টবিন এবং আবাসিক ভবনে মারাত্মক দুর্ঘটনা রোধে কার্যকর গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা প্রদর্শন করা হয়। এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে গ্যাস লিক হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা টেকসই প্রযুক্তির অংশ হিসেবে কৃষিতে মাটি ছাড়া ভাসমান পদ্ধতিতে শাকসবজি আবাদ এবং পানির অপচয় রোধে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার মডেল প্রদর্শন করেছে। এর পাশাপাশি ক্ষতিকর ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব স্বয়ংসম্পূর্ণ আদর্শ গ্রামের আধুনিক অবকাঠামোগত রূপরেখাও তুলে ধরা হয়। শিক্ষার্থীদের তৈরি এসব উদ্ভাবনী ও বাস্তবসম্মত প্রদর্শনী পর্যবেক্ষণ করে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন এবং তাদের গবেষণা মনোভাবের সার্বিক অগ্রগতি কামনা করেন।

উদ্বোধনী দিনের ধারাবাহিকতায় বিজ্ঞান উৎসবের পরবর্তী দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।