নভেম্বর ১০, ২০২৬, ০৩:৪৯ পিএম
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সেখানে অবস্থানরত জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে বিকল্প পথে বের করে নেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের পাশে বস্তু দুটি দেখতে পান এক পথচারী। পরে তিনি পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর প্রায় পাঁচ মিনিট পর বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে দুটি বস্তু দেখতে পান স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল গাড়িতে দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শকে জানান। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হলে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের চলাচলের জন্য বিকল্প মসজিদ গেট খুলে দেওয়া হয়। ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। তাকে বিষয়টি জানানোর পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের বিকল্প গেট দিয়ে তাকে বের করে দেওয়া হয়। এরপর তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন। প্রধান ফটক বন্ধ থাকায় বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক সশস্ত্র এপিবিএন সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকলেও বস্তু দুটি কখন বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বস্তু দুটি নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে এবং কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন