সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫১ এএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর শেষে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে তিনি গত বৃহস্পতিবার ঢাকায় এসেছিলেন।
ঢাকায় এসে হানিয়া আমির তার সহজ ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ভক্তদের মন জয় করে নেন। প্রথম দিনেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় একটি ছবি শেয়ার করে লেখেন, “আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?” তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এরপর শুক্রবার সকালে তিনি কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের সঙ্গে ঢাকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাকে আহসান মঞ্জিলের সামনে ফুচকা ও ঝালমুড়ি খেতে এবং রিকশায় চড়তে দেখা যায়।
সফর শেষে হানিয়া আমির জানান, সংক্ষিপ্ত সফর হলেও তিনি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। সানসিল্কের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ ও একটি ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি রোববার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন