শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

স্বদেশ সিনেমার গায়ত্রী কেন ২৮ বছরেই বলিউড ছাড়েন

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৭:০৯ পিএম

স্বদেশ সিনেমার গায়ত্রী কেন ২৮ বছরেই বলিউড ছাড়েন

বলিউডে শাহরুখ খানের বিপরীতে বহুল প্রশংসিত চলচ্চিত্র ‍‍`স্বদেশ‍‍`-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী গায়ত্রী ওবেরয়। তবে উজ্জ্বল ভবিষ্যৎ ও সম্ভাবনাময় ক্যারিয়ার থাকা সত্ত্বেও মাত্র ২৮ বছর বয়সেই রূপালি পর্দা থেকে চিরতরে সরে দাঁড়ান তিনি।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‍‍`স্বদেশ‍‍`। এটিই ছিল বলিউডে গায়ত্রীর প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ চলচ্চিত্র। ছবিটিতে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ালেও পরবর্তী সময়ে তাঁকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। রূপালি জগৎ ছেড়ে তিনি পুরোপুরি সংসার ও সন্তানদের প্রতি মনোযোগ দেন।

এর আগে নব্বইয়ের দশকে একজন ভিডিও জকি হিসেবে বিনোদন মাধ্যমে কাজ শুরু করেছিলেন গায়ত্রী। পরবর্তীতে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ২০০০ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনালে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। বলিউড ছাড়ার ব্যাখ্যায় গায়ত্রী বিভিন্ন সময়ে উল্লেখ করেন, তিনি নিজের পারিবারিক ও কর্মক্ষেত্রের মনোযোগকে বিভক্ত করতে চাননি। বিয়ে এবং সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার লক্ষ্যেই স্বেচ্ছায় তিনি বিনোদন অঙ্গন ত্যাগ করেন।

পরবর্তীতে তিনি ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করেন। আন্তর্জাতিক সম্পদ মূল্যায়নকারী তালিকা হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্যমতে, বিকাশ ওবেরয়ের মোট সম্পদের পরিমাণ ৪৮ হাজার কোটি রুপিরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকার সমান। ওই তালিকায় বিকাশ ভারতের ৫৯তম শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন।

এক সাক্ষাৎকারে সম্পর্কের অতীত নিয়ে বিকাশ জানিয়েছিলেন, বৈবাহিক জীবনের আগে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা সময়ের ব্যবধানে দাম্পত্য সম্পর্কে রূপ নেয়।

মুক্তির দুই দশকেরও বেশি সময় পার হলেও ‍‍`স্বদেশ‍‍` চলচ্চিত্রের মাধ্যমে গায়ত্রী ওবেরয়ের পরিমিত অভিনয় এখনও দর্শকস্মৃতিতে অম্লান রয়ে গেছে।