সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:০৫ এএম
ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ালেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। রাশিয়ার স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় এলব্রুসের শীর্ষবিন্দুতে পৌঁছান তিনি।
চূড়ায় পৌঁছানোর পথটি মোটেও মসৃণ ছিল না। গত ২৫ সেপ্টেম্বর ভোরে শাকিলের চূড়ায় ওঠার শেষ ধাপ বা সামিট পুশ শুরুর পরিকল্পনা ছিল। বিরূপ আবহাওয়ার মুখে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় অভিযান পরিচালনাকারী এজেন্সি। টানা দুই দিনের তুষারপাতে পুরো পথ হাঁটুসমান নরম বরফে ঢেকে গিয়েছিল। এমন চরম বৈরী পরিস্থিতির মধ্যেই শুক্রবার রাতে চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শাকিল। সঙ্গে ছিলেন সহ-পর্বতারোহী হিদার এবং স্থানীয় গাইড অ্যালেক্স।
তাদের যাত্রা দেখে অন্য দুটি দলও সামিট পুশে অংশ নেয়। কিছুদূর এগোনোর পরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। হিমশীতল ঝোড়ো হাওয়া, তুষারঝড় আর তীব্র তুষারপাতে সামনের দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে। বরফে পা ডুবে যাচ্ছিল বারবার। পথ খুঁজে পাওয়াই অসম্ভব হয়ে উঠলে মাঝপথ থেকেই ফিরে যায় অন্য দুটি দল। কিন্তু শাকিল, হিদার ও অ্যালেক্স ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যান। সব বাধা পেরিয়ে তিনজন একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় ওঠেন। সেখানে পৌঁছে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান এই এভারেস্টজয়ী পর্বতারোহী।
সাফল্যের পর শাকিল জানান, ২৫ তারিখের পূর্বাভাসে আবহাওয়া কিছুটা শান্ত হওয়ার আভাস ছিল। কিন্তু এলব্রুস আরোহণের ক্ষেত্রে পূর্বাভাস কমই কাজে লাগে। প্রতিকূল পরিস্থিতির মুখেও পিছু না হটার সিদ্ধান্তের কথা জানান তিনি। তার ভাষ্য, পাহাড় কখনো কখনো মানুষের শক্তি মাপে না। সবকিছু যখন ফিরতে বলে, তখনো সে কত দূর যেতে রাজি, সেটাই মাপে। বৈরী আবহাওয়ার মধ্যেও চূড়ায় দেশের পতাকা ওড়াতে পেরে নিজের গর্বের কথা প্রকাশ করেন তিনি।
এই অভিযানের যৌথ আয়োজনে ছিল রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে টার্কিশ এয়ারলাইন্স এবং জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউজে শাকিলের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এরপর ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। মস্কো হয়ে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন