সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:২৮ এএম
ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ৬টি সর্বাধুনিক এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেট এবং দুই শতাধিক মার্কিন সেনা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।
যোধপুরের আকাশে শুরু হলো যৌথ সমর প্রস্তুতি। মার্কিন বিমান বহর ও সেনারা বর্তমানে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর যোধপুরে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় রাষ্ট্রদূত জানান, ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত এই বহুজাতিক মহড়ায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুই শতাধিক সেনা উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে এসেছে পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে মার্কিন বিমান বাহিনী। একই সাথে নতুন এই যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটবে এবারের আসরে। এ নিয়ে মার্কিন বাহিনীর পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে।
শনিবার যোধপুর বিমান ঘাঁটিতে শুরু হওয়া এই মহড়া আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। তরঙ্গশক্তি ভারতের বিমান বাহিনীর একটি বহুজাতিক বার্ষিক আয়োজন। ২০২৪ সালে প্রথমবারের মতো এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৫ সালে কোনো মহড়া হয়নি। সেই হিসাবে চলতি বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে এই প্রতিরক্ষা সম্মেলন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪০টি দেশ এবারের বিশাল সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। এতে বাংলাদেশ বিমান বাহিনীও নিজেদের সি-১৩০ জে পরিবহন বিমান নিয়ে যোগ দিয়েছে।
মহড়ার প্রধান আকর্ষণ পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২। এটি এমন একটি সর্বাধুনিক যুদ্ধবিমান যা একাধিক ক্ষেত্রে সমান দক্ষতায় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। এর তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও তাৎক্ষণিক আদান-প্রদান ব্যবস্থার মাধ্যমে আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ এবং সাইবার ডোমেইনের মধ্যে সমন্বয় স্থাপন করা যায়।
মার্কিন স্টেলথ ফাইটার জেটের পাশাপাশি আকাশে শক্তির মহড়া দেখাচ্ছে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান। এতে আরও শামিল হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তির তেজস এবং সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন