সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:৫৮ এএম
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
আসন্ন উৎসবে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আবহমান কাল থেকেই এই অঞ্চলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক নজরদারি এবং মণ্ডপ পরিচালনা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন