রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০১:১৮ পিএম

মারা গেলেন হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড

হলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) বয়সজনিত কারণে ৮৯ বছর বয়সে তার মৃত্যু ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডায়ানের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডায়ান ল্যাড ছিলেন একজন তিনবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) মনোনয়নপ্রাপ্ত এবং গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী। তিনি পর্দায় দৃঢ় চরিত্রের নারীদের ভূমিকাকে জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।ডায়ানের কন্যা, যিনি নিজেও একজন প্রখ্যাত অভিনেত্রী, লরা ডার্ন, একটি বিবৃতিতে জানিয়েছেন যে, তার মা ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতে মারা গিয়েছেন এবং শেষ সময় তিনি তার পাশেই ছিলেন।

লরা ডার্ন বিবৃতিতে লিখেছেন, ‘তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং এক সহানুভূতিশীল আত্মা, যা কেবল স্বপ্নেই সম্ভব মনে হয়। আমরা তার সঙ্গে ছিলাম এবং আছি, সেজন্য আমরা ধন্য। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।’উল্লেখ্য, ডায়ান ল্যাডের জন্ম ১৯৩৫ সালের ২৯ নভেম্বর, মিসিসিপির লরেলে। তিনি ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন এবং দীর্ঘ প্রায় ছয় দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন।