নভেম্বর ১২, ২০২৫, ০৪:৫২ পিএম
হামাসের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে তাদের ধ্বংসাত্মক কার্যক্রম থামায়নি। বিবিসি ভেরিফাই সম্প্রতি গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে জানিয়েছে, ইসরাইল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে।
৮ নভেম্বরের তোলা সাম্প্রতিক স্যাটেলাইট ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরাইলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া বা এলাকা মাত্র এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ভবনগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে BBC ভেরিফাই কিছু এলাকার ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ—প্রকৃত ধ্বংসের পরিমাণ এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কিছু বিশেষজ্ঞ এবং কূটনীতিক বলছেন, বিপুল সংখ্যক ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। যদিও ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন যে তারা "যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই" কাজ করছেন।
গাজায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংসের এই ঘটনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলেছে, যা বিশ্ব আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন