নভেম্বর ১৪, ২০২৫, ১০:৩৮ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও রক্তপাত থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর গত এক মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৬৩২ জন সাধারণ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এবং গাজা সিটির পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
এছাড়া দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরেও বিমান হামলার ঘটনা ঘটেছে যা যুদ্ধবিরতির মধ্যেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি করেছে।
শুধুমাত্র গাজা নয় অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলা অব্যাহত রয়েছে। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদার সেনাদের গুলিতে কয়েকজন শিশু নিহত হওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে। এছাড়া আনতাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে এবং সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। জেরুজালেমেও অভিযানের সময় গুলিতে অনেকে আহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে আসন্ন শীত ও ঝড়ের কারণে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষের জন্য চরম মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর শীত বা বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো কার্যকর ব্যবস্থা নেই। এখনই জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।এদিকে চলমান এই পরিস্থিতির মধ্যেই গাজা থেকে আরও একজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে কাজ করছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও চলছে নানা নাটকীয়তা। দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করেছেন যে কেবল ক্ষমা পাওয়ার জন্য তিনি নিজের দোষ স্বীকার করবেন না। সব মিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জনজীবন দিন দিন আরও দুর্বিষহ হয়ে উঠছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন