বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে: নতুন দর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৬:৪১ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে: নতুন দর

বিশ্ববাজারে টানা এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী থাকার পর শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য কমেছে। যদিও আগের দিনের তুলনায় মূল্য হ্রাস পেয়েছে, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দুর্বল ডলার

এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে এই অস্থিরতার প্রভাব ফেলছে। ফেডের কঠোর মন্তব্য থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ধারণা করছেন ডিসেম্বরেই সুদহার কমতে পারে।

শুক্রবার লন্ডন সময় সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ১৮৩ দশমিক ৩১ ডলারে দাঁড়ায়।

ফলে আন্তর্জাতিক বাজারে সাময়িক কমতি দেখা দিলেও সাপ্তাহিক হিসাবে সোনা এখন পর্যন্ত ৪ দশমিক ৬ শতাংশ মূল্য বৃদ্ধি নিশ্চিত করেছে। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার সোনাও শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হচ্ছিল। ডলার সূচক টানা দ্বিতীয় সপ্তাহ ধরে পতনের মুখে রয়েছে যা অন্যান্য মুদ্রাধারীদের জন্য সোনা কেনা আরও আকর্ষণীয় করে তুলেছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান জানান, ডলারের দুর্বলতা এবং জল্পনামূলক বিনিয়োগই এই সপ্তাহে সোনাবাজারকে শক্তিশালী করেছে।এদিকে আন্তর্জাতিক বাজারে দামের এই অস্থিরতা সত্ত্বেও দেশের বাজারে সোনার দামে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।