জানুয়ারি ২, ২০২৬, ০৪:০২ পিএম
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি হস্তক্ষেপের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যদি তার দেশে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন।
বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে বা কাউকে হত্যা করা হলে, তাদের রক্ষায় এবং উদ্ধারে আমেরিকা এগিয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ট্রাম্প তার বার্তায় আরও যোগ করেছেন যে ইরানে যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ওয়াশিংটন এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ এখন টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে এখন পর্যন্ত ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভের তীব্রতা তেহরানের বাইরেও ছড়িয়ে পড়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আজনা শহরে বিক্ষোভ চলাকালে অন্তত তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।সংঘাতের এই ধারা অব্যাহত রয়েছে অন্যান্য প্রদেশেও। চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরেও বিক্ষোভ চলাকালীন আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তরীণ এই সংকট এখন কেবল দেশটির নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক ভূ-রাজনীতির একটি বড় ইস্যুতে পরিণত হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন