জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪২ পিএম
সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি মাদেন দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স বা প্রায় ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণের বিশাল মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল ১৬ জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মূলত সৌদি আরবের অভ্যন্তরীণ খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত বড় মাপের এক অনুসন্ধান কার্যক্রমের ফলে এই অভাবনীয় সাফল্য এসেছে।
পরিকল্পিত ড্রিলিং বা খনন কার্যক্রমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের অস্তিত্বের ইঙ্গিত মিললেও বার্ষিক হিসাব ও কারিগরি মানদণ্ড সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স মজুদ নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
মাদেন জানিয়েছে যে তাদের প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্প মানসুরা মাসারাহসহ উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও এলাকায় এই নতুন মজুদের সন্ধান মিলেছে।
এর মধ্যে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে যেখানে গত বছরের তুলনায় স্বর্ণের মজুদ বেড়েছে প্রায় ৩০ লাখ আউন্স। এছাড়া নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও এলাকা থেকেই প্রথমবারের মতো প্রায় ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণের মজুদ পাওয়া গেছে। মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট এই সাফল্যকে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান যে চারটি ভিন্ন স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান পাওয়া মাদেনের সক্ষমতা ও ধারাবাহিক অগ্রগতিরই প্রমাণ।
বর্তমানে মাদেনের সবচেয়ে বড় প্রকল্প মানসুরা মাসারাহ খনিতে প্রায় ১১ কোটি ৬০ লাখ টন আকরিক মজুদের ধারণা করা হচ্ছে। সেখানে প্রতি টন আকরিক থেকে গড়ে ২.৮ গ্রাম হারে মোট ১ কোটি ৪ লাখ আউন্স স্বর্ণ পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বব উইল্ট আরও যোগ করেন যে এই বিপুল পরিমাণ নতুন মজুদ ভবিষ্যতে কোম্পানির নগদ আয় বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।
শুধু স্বর্ণই নয় বরং তামা ও নিকেলের মতো অন্যান্য মূল্যবান ধাতুর সন্ধানেও ইতিবাচক ইঙ্গিত পাচ্ছে মাদেন। ২০২৬ সাল জুড়ে সেখানে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং নতুন খনিজ তথ্য পাওয়া গেলে তা নিয়মিত হালনাগাদ করা হবে। সৌদি আরবের অর্থনীতিকে তেল-নির্ভরতা থেকে বের করে আনার যে ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা রয়েছে সেখানে খনিজ সম্পদ খাতকে অন্যতম শক্তিশালী ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন