জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৩ পিএম
আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছেন ট্যুর অপারেটররা। রমজানে মক্কা ও মদিনায় উপচে পড়া ভিড়ের কারণে ওমরাহ প্যাকেজের খরচ দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
বিশেষজ্ঞরা বলছেন, যারা শেষ মুহূর্তে সস্তায় প্যাকেজ পাওয়ার আশায় বুকিং পিছিয়ে দিচ্ছেন, তারা আদতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে বাসে ওমরাহ প্যাকেজের খরচ ১ হাজার ২০০ দিরহামের আশেপাশে থাকলেও রমজান শুরুর আগেই তা ২ হাজার দিরহাম ছাড়িয়ে যেতে পারে।
আকাশপথে এই ব্যয়ের মাত্রা আরও ভয়াবহ। বর্তমানে ৩ হাজার ৫০০ দিরহামের প্যাকেজ রমজানের শেষ দশকে ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মক্কা ও মদিনার হোটেল ভাড়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
মসজিদুল হারামের কাছাকাছি হোটেলগুলোর ভাড়া রমজানে কয়েকগুণ বেড়ে যায়। এ ছাড়া আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসার আবেদন বন্ধ হয়ে যাওয়ার বাধ্যবাধকতা থাকায় আগেভাগেই সব পরিকল্পনা চূড়ান্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন