জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪৭ এএম
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় জঙ্গিদের সাথে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত সাতজন ভারতীয় সেনা আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় চাত্রু এলাকার সন্নার অঞ্চলে ‘অপারেশন ত্রাশি-১’ (Operation Trashi-I) নামক একটি বিশেষ জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সেনাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে যে, দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা ‘বিদেশি জঙ্গিদের’ বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে যৌথভাবে এই পরিকল্পনা মাফিক তল্লাশি চালানো হচ্ছিল।
সূত্রমতে, কিশ্তওয়ারের বনাঞ্চলে জঙ্গিদের একটি দল অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের একটি দল এলাকাটি ঘিরে ফেলে।
নিরাপত্তা বাহিনী সন্নার গ্রামের দিকে অগ্রসর হলে আগে থেকে উঁচুতে ওত পেতে থাকা জঙ্গিরা অতর্কিত গুলি ও গ্রেনেড হামলা চালায়। এতে সাতজন সেনা সদস্য আহত হন। জাইশ-ই-মোহাম্মদের (JeM) একটি ছোট দল এই হামলায় জড়িত বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা পালানোর চেষ্টার সময় নির্বিচারে গুলি এবং বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে ঘেরাও ভাঙার চেষ্টা চালায়। বর্তমানে পুরো এলাকা অতিরিক্ত সামরিক বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং সংঘর্ষ এখনও চলছে।
অভিযানটি সফল করতে এবং জঙ্গিদের অবস্থান শনাক্ত করতে ড্রোনসহ অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নাইফার ডগ মোতায়েন করা হয়েছে। ঘন কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশি চালাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। উল্লেখ্য যে, ২০২৬ সালের শুরু থেকে জম্মু অঞ্চলে এটি নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের তৃতীয় বড় ধরনের সংঘর্ষ। এর আগে জানুয়ারির প্রথম দিকে কাঠুয়া জেলাতেও একই ধরনের দুটি সংঘর্ষ হয়েছিল। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন