রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে ভক্তদের কাছে ‘ভিক্ষা’ চাইলেন ইনফ্লুয়েন্সার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:২২ এএম

আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে ভক্তদের কাছে ‘ভিক্ষা’ চাইলেন ইনফ্লুয়েন্সার

ছবি - সংগৃহীত

অ্যাপলের নতুন মডেল আইফোন ১৭ সিরিজ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়ার পর এবার সেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ভারতের উত্তরপ্রদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং। তিনি নতুন মডেলের আইফোন হাতে পেতে অনুসারীদের কাছে প্রকাশ্যে ‘ভিক্ষা’ চেয়েছেন। তার এই অভিনব অনুরোধের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে জন্ম দিয়েছে মিশ্র প্রতিক্রিয়ার।

মাহি সিং একটি ভিডিও বার্তার মাধ্যমে তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, “যে যতটুকু পারেন, এক রুপি, দুই রুপি বা তিন রুপি করে সাহায্য করুন।” তিনি জানান, আইফোন ১৭ প্রো ম্যাক্সের নতুন রঙটি তার ভীষণ পছন্দের, যা তার কাছে স্বপ্নের মতো। মাহি তার ভিডিওতে স্বীকার করেন, মাত্র তিন মাস আগেই তার বাবা তাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন।

কিন্তু আগামী ২১ অক্টোবর তার জন্মদিনে তিনি এই নতুন মডেলটিই চান। যেহেতু তার বাবা আর নতুন ফোন কিনে দিতে রাজি নন, তাই তিনি ভক্তদের দ্বারস্থ হয়েছেন।

মাহি সিং বলেন, “যদি আপনারা সবাই সামান্য সামান্য করে দেন, আমি এই ফোন কিনতে পারব। এটি হবে আমার স্বপ্নপূরণ। ফোনটির প্রতি আমার ভালোবাসা ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা সাহায্য করলে আমি হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাব।”

কিন্তু তার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বেশিরভাগ মানুষই তার এই উদ্যোগকে বাড়তি আবদার এবং ‘হাস্যকর ও অনুচিত’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ সরাসরি বলেছেন, “যারা এমন ভিডিও দেখতে ফোন চাপে, তারাই তাকে ১-২ রুপি দিয়ে সাহায্য করবে।

আসলে সে ভিক্ষাই চাইছে।” তবে অন্য একটি অংশ মাহির পক্ষেও দাঁড়িয়েছেন। তাদের মতে, যখন অনেক ধনী ব্যক্তি বিভিন্ন নামে অনলাইনে অনুদান চান বা ক্রাউডফান্ডিং করেন, তখন কেউ কিছু বলেন না; কিন্তু এই নারী গরিব হওয়ায় মানুষ তাকে নিয়ে মজা করছে।