সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৩৭ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ডা. আঁচল রায় নামের এক চিকিৎসক। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।
তিনি ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ডা. আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থ হয়ে পড়ার আগের দিনও তিনি হাসপাতালে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়েছেন। এমনকি এর পরের দিনই হাসপাতালটির ডেঙ্গু ইউনিটে সরাসরি দায়িত্ব গ্রহণের কথা ছিল তার। কিন্তু সেই দায়িত্বে যোগ দেওয়ার আগেই মশাবাহিত এই রোগ তার জীবন কেড়ে নিল। তরুণ এই চিকিৎসকের অকাল প্রয়াণে সহকর্মী ও চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ৪২তম বিসিএসের ব্যাচমেট ও শুভানুধ্যায়ীরা গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে চলতি বছর সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।
চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। চলতি মাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৯০ জন।
আক্রান্তদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, মোট আক্রান্তের ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে মোট মৃত্যুর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন