ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২১ এএম
সরকারি আবাসন পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪তম থেকে ২০তম গ্রেডের মোট ৮১টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারাদেশের আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলোতে অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
আবেদনের সময়সীমা ইতোমধ্যে শুরু হয়েছে এবং ৩১ ডিসেম্বর রাতে তা শেষ হবে।এই নিয়োগে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জন্য পদ রয়েছে।
পদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৩টি পদ, গ্রেড-১৪), যার জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রির পাশাপাশি সাঁটলিপি ও মুদ্রাক্ষরিক পরীক্ষায় নির্দিষ্ট গতি থাকতে হবে।
এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২৭টি পদ, গ্রেড-১৬), সহকারী হিসাবরক্ষক (২টি পদ, গ্রেড-১৬), সহকারী কেয়ারটেকার (১টি পদ, গ্রেড-১৬) এবং সহকারী উপপরিদর্শক (২টি পদ, গ্রেড-১৬) পদে নিয়োগ দেওয়া হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন।নিম্ন গ্রেডের পদগুলোর মধ্যে বাবুর্চি (২টি পদ, গ্রেড-১৯), অফিস সহায়ক (৯টি পদ, গ্রেড-২০), নিরাপত্তা প্রহরী (১৫টি পদ, গ্রেড-২০), মালি (১টি পদ, গ্রেড-২০), পরিচ্ছন্নতাকর্মী (১৮টি পদ, গ্রেড-২০) এবং কামরা বাহক (১টি পদ, গ্রেড-২০) পদে নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও এই পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন। বাবুর্চি পদের জন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৬ থেকে ১১ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
তবে অনগ্রসর নাগরিকদের (সব গ্রেডের পরীক্ষার্থী) ক্ষেত্রে সব পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা লাগবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ৩ ডিসেম্বর, সকাল ১০টা থেকে এবং আবেদনপত্র জমার শেষের সময় ৩১ ডিসেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন