রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৫৯ পিএম

নতুন পে স্কেল অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করল কমিশন?

সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে নতুন পে স্কেলের প্রস্তাবনা চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিতে এখন থেকে সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। 

জাতীয় বেতন কমিশন সূত্রে জানা গেছে যে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে যেখানে মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন পাচ্ছেন যা দীর্ঘ সময় ধরে পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন তারা। নতুন প্রস্তাবিত কাঠামোতে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ২০ হাজার টাকা হলেও ঢাকার ক্ষেত্রে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে তার মোট মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় ৪২ হাজার টাকা। 

অন্যদিকে সর্বোচ্চ ধাপে অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব বা জ্যেষ্ঠ সচিবদের মূল বেতন বর্তমানে ৮২ থেকে ৮৬ হাজার টাকার ঘরে থাকলেও নতুন স্কেলে তা ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি বৈশাখী ভাতা বর্তমানের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার একটি বিশেষ সুপারিশ করা হয়েছে। এছাড়া যাতায়াত ভাতার পরিধি বাড়িয়ে ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত করার প্রস্তাব এসেছে যা আগে ১১তম গ্রেড থেকে কার্যকর ছিল। নতুন এই পে স্কেলে পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর। 

যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম তাদের ক্ষেত্রে শতভাগ পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পে কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন যে এই প্রতিবেদনটি দ্রুতই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন এই কাঠামো সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন যারা এই নতুন পে স্কেল বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। এটি কার্যকর হলে সরকারি সেবা খাতে গতিশীলতা বাড়বে বলে মনে করছে কমিশন।