সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:৪০ পিএম

বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৬তম ব্যাচে সাধারণ দায়িত্বে (জিডি) সিপাহী পদে জনবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাহিনীতে যুক্ত হতে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতায় অংশ নিতে পারবেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

অনলাইনে আবেদন চলবে দশ দিন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সিপাহী পদের জন্য আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ০০ এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সের ক্ষেত্রে ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেলের স্কেলভুক্ত হয়ে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা হারে মূল বেতন প্রদান করা হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের সাধারণ উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তা শিথিল করে ১ দশমিক ৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি রাখা হয়েছে। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ উচ্চতা ১ দশমিক ৫৭৪ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ১ দশমিক ৫২৪ মিটার বা ৫ ফুট চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজিবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিয়োগের শর্তাবলি উল্লেখ করে বাহিনীটি জানিয়েছে, অনলাইনে আবেদনের সময় পাওয়া প্রবেশ নম্বর ও গোপন কোড প্রার্থীদের নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে, যা হারিয়ে গেলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে। এছাড়া কোনো ফৌজদারি অপরাধে আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এই পদের জন্য সরাসরি অযোগ্য বিবেচিত হবেন। প্রার্থীদের নিজস্ব পৈতৃক স্থায়ী জেলার ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে; কোনোভাবেই বর্তমান বা ভাড়া বাসার ঠিকানা ব্যবহার করা যাবে না এবং স্থায়ী ঠিকানা গোপন প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।