রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ০১:৩২ পিএম

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা

পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং

পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পুশইনের কোনো ঘটনা ঘটলে ঢাকা পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর নিয়েও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী ভারত অথবা চীন সফরে যেতে পারেন। 

যদি চীন সফর অনুষ্ঠিত হয়, তবে সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।চীনের পররাষ্ট্রমন্ত্রী তাকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছেন বলে ড. খলিলুর রহমান জানান। এই সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ব্যাপক আলোচনা হবে।

চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউলের সমন্বয় করে সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।