সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৫৯ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদল। শনিবার দুপুর বারোটার দিকে নবাবগঞ্জে পৌঁছে তারা প্রাচীন এই বৌদ্ধ বিহারে প্রবেশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরিদর্শনকালে তারা বিহারের প্রাচীন স্থাপত্য ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এর পাশাপাশি প্রাচীন নিদর্শনটির কার্যকর সংরক্ষণ, প্রয়োজনীয় সংস্কার কাজ এবং প্রত্ন-পর্যটন বিকাশের সম্ভাবনা নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বিস্তারিত মতবিনিময় করেন।
ঐতিহাসিক স্মারক সুরক্ষায় বিশেষ নজর। পরিদর্শনকালে মন্ত্রীদের সাথে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনের পক্ষ থেকে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার প্রতিনিধিদলে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীতাকোট বিহার বরেন্দ্র ও দিনাজপুর অঞ্চলের অন্যতম প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন এই পুরাকীর্তিকে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের প্রত্ন-পর্যটন কেন্দ্রে রূপান্তরের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন