শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য পরিদর্শন

কান্তজিউ মন্দির পরিদর্শনে দুই মন্ত্রী ও সংসদ সদস্যরা

জাহিদ হাসান

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১৯ পিএম

কান্তজিউ মন্দির পরিদর্শনে দুই মন্ত্রী ও সংসদ সদস্যরা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শনিবার সন্ধ্যায় তারা ঐতিহাসিক এই মন্দিরে পৌঁছান। প্রতিনিধিদলে ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। পরিদর্শনকালে তারা মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, নান্দনিক টেরাকোটা কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো গভীরভাবে ঘুরে দেখেন।

ঐতিহাসিক টেরাকোটা সুরক্ষায় বিশেষ নজর। পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্দিরের সার্বিক ঐতিহাসিক গুরুত্ব, দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থা, পর্যটন বিকাশের সম্ভাবনা এবং দেশ-বিদেশ থেকে আসা সাধারণ দর্শনার্থীদের বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম এবং কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীমসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে পরিচিত। এর অনন্য নির্মাণকৌশল ও দেওয়ালের নিখুঁত পোড়ামাটির কারুকার্যের কারণে এটি দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের ইতিহাসপ্রেমী পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।