রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ১২:৫১ পিএম

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও থানায় আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা চাহিদার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রয়োজনে দ্রুত সাড়া দিতে এবং অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সমন্বিত ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বাহিনীটি। এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে।