আগস্ট ১৭, ২০২৬, ১২:০৬ পিএম
সরকার গঠনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছয় মাস পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই উপলক্ষ্যে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় শুরু হবে। মতবিনিময়কালে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র আরও জানিয়েছে, এই মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সেখানে অংশ নেবেন।
এছাড়া সভায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান ও স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের। পাশাপাশি প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এই মতবিনিময় কার্যক্রমে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন