মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম

দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কঙ্গো নদীতে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বহু যাত্রী। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা।

নদীগর্ভে নিমজ্জিত হয় একটি নৌযান। ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, রাজধানী কিনশাসা থেকে ছেড়ে আসা ‍‍`দিয়ু সে কাশে‍‍` নামের একটি ধাতব নৌকার সাথে বাসিঙ্গা থেকে আসা ‍‍`এইচবি সুপার ভিক্টোর‍‍` নামের একটি কাঠের নৌকার মুখোমুখি ধাক্কা লাগে। বিকট শব্দের এই সংঘর্ষের পরপরই একটি নৌকা সম্পূর্ণ উল্টে গিয়ে তলিয়ে যায় এবং অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন। উদ্ধারকৃত মরদেহগুলোর দাফন ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ পুরোপুরি উদঘাটিত না হলেও রাতে নৌযান চলাচলকে প্রাথমিকভাবে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত এক নিরাপত্তাকর্মী জানান, কিনশাসা থেকে আসা ধাতব নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য বোঝাই করা ছিল। মধ্য আফ্রিকার এই দেশটিতে অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন, রাতের বেলা দুর্বল বাতি নিয়ে নৌযাত্রা এবং দুর্গম নদী অববাহিকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত জুলাই মাসে দেশটির কাসাই প্রদেশে সরকারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা