আগস্ট ১৯, ২০২৬, ০৪:১৯ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে দশটি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি তেলবাহী জাহাজ কেনার একটি বড় প্রস্তাব এই সভা থেকে বাদ দেওয়া হয়েছে।আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদনের জন্য মোট এগারোটি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে সরকারের নিজস্ব তহবিল থেকে আট হাজার চারশত আটাশি কোটি একাত্তর লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৪৪ কোটি সাতাশি লাখ টাকা সংস্থান করা হবে।স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণের জন্য এক হাজার ১৫৪ কোটি টাকা এবং দশটি মেডিকেল কলেজের জন্য উনিশটি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন পেয়েছে। এছাড়া ধরলা নদীর তীর রক্ষা, চট্টগ্রাম সীতাকুণ্ড উপকূলীয় বাঁধ নির্মাণ এবং গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার বা তেলবাহী জাহাজ কেনার প্রস্তাবটি অনুমোদন পায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্পটি আরও গভীরভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন