শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

বিনামূল্যে জাদুঘরে প্রবেশের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:০০ পিএম

বিনামূল্যে জাদুঘরে প্রবেশের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

বিনামূল্যে জাদুঘরে প্রবেশের সুযোগ পাচ্ছে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার লক্ষ্যে প্রতি মঙ্গলবার এই সুবিধা দিচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকারাও শিক্ষার্থীদের সঙ্গে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার দিনটিকে প্রাতিষ্ঠানিকভাবে ‍‍`চিলড্রেন ডে‍‍` ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র বিনামূল্যে প্রবেশাধিকার নয়, জাদুঘরে আসা শিক্ষার্থীদের চকলেট ও বিশুদ্ধ খাবার পানি দিয়ে অভ্যর্থনা জানানো হচ্ছে। বিভিন্ন প্রদর্শনশালা বা গ্যালারি ঘুরে দেখতে এবং নিদর্শনগুলোর সঠিক বিবরণ জানাতে থাকছে বিশেষ গাইড বা নির্দেশক সহায়তা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিশু-কিশোরদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা রাখতে এই বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে। চিলড্রেন ডে উপলক্ষে প্রতি মঙ্গলবার জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন দেখার সুযোগ রাখা হয়েছে। 

শিক্ষার্থীদের এই পরিদর্শনে উৎসাহিত করার জন্য দেশের সব সরকারি, বেসরকারি ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানিয়েছে জাতীয় জাদুঘর। নির্ধারিত নিয়ম অনুসারে প্রতি মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় জাদুঘর পরিদর্শন করতে পারবেন।