সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:২০ পিএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ সংলাপে শিক্ষা, বিজ্ঞান, ফলিত গবেষণা এবং আধুনিক প্রযুক্তি খাতে ঢাকা ও ওয়াশিংটনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এএসইউ প্রতিনিধিদের সাথে এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেয়।
বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশে একটি টেকসই ও আধুনিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
এই লক্ষ্য অর্জনে প্রকৌশল শিক্ষা, প্রাতিষ্ঠানিক গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, স্থানীয় শিল্প খাত এবং আন্তর্জাতিক বিনিয়োগের মধ্যে শক্তিশালী সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দুই পক্ষের আলোচনায় পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাইক্রো-ইলেকট্রনিক্স পাঠ্যক্রম প্রণয়ন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ, যৌথ ফলিত গবেষণা এবং একাডেমি ও শিল্প খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়গুলো উঠে আসে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম শিক্ষার বিস্তার এবং শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ মৌলিক গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে সরাসরি শিল্প বিনিয়োগ এবং বাণিজ্যিক ব্যবহারের নিবিড় সংযোগ ঘটিয়ে একটি কার্যকর জাতীয় সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির সুস্পষ্ট আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতা রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন, কেবল প্রযুক্তিগত অংশীদারিত্ব করলেই চলবে না, সেটিকে বাস্তব দক্ষ কর্মসংস্থান, উন্নত গবেষণা সক্ষমতা এবং টেকসই বিনিয়োগে রূপান্তর করতে হবে। এর জন্য শিক্ষা ও শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মজবুত সম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন তিনি।
উচ্চশিক্ষা সংস্কারের অংশ হিসেবে এএসইউ-এর বিশেষায়িত `ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউট`-এর সাথে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করে।
সেমিকন্ডাক্টর খাতের আধুনিক শিক্ষা, কারিগরি জনশক্তি ও বিশ্ববিদ্যালয়ের অনুষদ উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা এবং দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে একটি কাঠামোবদ্ধ রূপ দিতে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের বিষয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়। বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট প্রকল্প এবং অংশীদার প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরবর্তী ফলো-আপ প্রক্রিয়া সমন্বয় করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন