সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:৩১ পিএম
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধ, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি মাছ বিদেশে পুনঃরপ্তানির অভিযোগ তুলে ভারতে ইলিশ রপ্তানি অবিলম্বে বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে সরকারের সংশ্লিষ্ট পাঁচ শীর্ষ কর্মকর্তার বরাতে এই নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশের বিবাদী করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে জাতীয় মাছ ইলিশ বাংলাদেশের অত্যন্ত মূল্যবান ভৌগোলিক নির্দেশক বা জিআই সম্পদ। অথচ বর্তমানে দেশের অভ্যন্তরীণ স্থানীয় বাজারে এক কেজি ওজনের প্রতিটি ইলিশের দাম প্রায় ২ হাজার ৬০০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে, যার কারণে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের পক্ষে ইলিশ ক্রয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে তীব্র সরবরাহ ঘাটতি ও উচ্চমূল্য বহাল থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম মূল্যে ভারতে ইলিশ পাঠানো হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
এতে দেশের অভ্যন্তরীণ সার্বিক চাহিদা ও সাধারণ ক্রেতাদের ন্যায্য স্বার্থ মারাত্মকভাবে উপেক্ষিত হয়েছে। নোটিশে আরও অভিযোগ আনা হয় যে বাংলাদেশ থেকে কম মূল্যে ইলিশ সংগ্রহের পর ভারতের কিছু মধ্যস্বত্বভোগী আমদানিকারক তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত দামে পুনঃরপ্তানি করে বিপুল অঙ্কের আর্থিক মুনাফা হাতিয়ে নিচ্ছে।
বৈদেশিক মুদ্রা আয়ের প্রয়োজনীয়তা থাকলে বিদেশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর না করে সরাসরি আন্তর্জাতিক বাজারে রপ্তানির ওপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে প্রকৃত বৈশ্বিক মূল্যে সরাসরি ইলিশ বিক্রির লক্ষ্যে একটি স্বচ্ছ ও টেকসই নীতিমালা গ্রহণের প্রস্তাব তুলে ধরা হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি সংক্রান্ত যেকোনো প্রশাসনিক উদ্যোগ, নির্বাহী অনুমোদন বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে দেশের বাজারে সরবরাহ বাড়িয়ে ইলিশের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে নামিয়ে আনা এবং মধ্যস্বত্বভোগীদের পরিহার করে সরাসরি আন্তর্জাতিক বাজারে বিক্রির স্থায়ী নীতিমালা প্রণয়নের তাগিদ দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন