মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শ্রমিক দলের উদ্যোগে এই রাজনৈতিক কর্মসূচি পালিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের ১৪টি ইউনিটের শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।