বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৫৩ এএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যেই জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। এই মেগা প্রকল্পের বিভিন্ন কারিগরি বিষয় দ্রুত সমাধানের লক্ষ্যে বর্তমানে সাইটে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেন।

প্রকল্পের জটিলতা কাটিয়ে দ্রুতই প্রথম ধাপের বিদ্যুৎ সঞ্চালন শুরু হতে যাচ্ছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে একটি যৌথ ‍‍`রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল‍‍` গঠনের আগ্রহের কথা জানান আলেকজান্ডার খোজিন। পাশাপাশি রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ‍‍`রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম‍‍` আয়োজনের আনুষ্ঠানিক পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। আগামী নভেম্বরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের যৌথ বৈঠকে এই বিজনেস কাউন্সিল ও ফোরাম সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 

দুই দেশের মূলধারার ব্যবসায়ীদের মধ্যে সরাসরি নেটওয়ার্কিং বাড়াতে মস্কোর ওই ফোরামে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রোফাইল অনুযায়ী সরাসরি ব্যবসায়িক বৈঠক বা বিটুবি সেশনের ব্যবস্থা থাকবে। বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে তৈরি পোশাক পণ্যের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতগুলো যুক্ত করার আহ্বান জানান। বিশেষ করে রাশিয়ার বিশাল বাজারে বাংলাদেশের উচ্চমানের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানির পাশাপাশি দক্ষ মানবসম্পদ পাঠানোর ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। 

এর জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে মানসম্মত জেনেরিক ওষুধ আমদানির প্রক্রিয়াগত ও আইনি বিষয়গুলো রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে। এ ছাড়া রাশিয়ার তীব্র শীতপ্রধান আবহাওয়ার উপযোগী ভারী জুতো ও চামড়াজাত পণ্যের ব্যাপক বাণিজ্যিক চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি কৃষি, মৎস্য আহরণ, জাহাজ নির্মাণ শিল্প ও বিভিন্ন সেবা খাতে কাজের নতুন সুযোগ তৈরি হওয়ায় গত কয়েক মাসে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে কাজের ভিসা প্রদান করেছে বলেও বৈঠকে জানানো হয়।

এদিকে একই দিনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে একটি পৃথক সৌজন্য বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি জানান, আগামী ২০২৭ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‍‍`শ্রীলঙ্কা এক্সপো ২০২৭‍‍` অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় অংশ নিতে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর জন্য তিনি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং এফবিসিসিআই প্রশাসক এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন। এই পৃথক দুটি বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রুশ দূতাবাস ও শ্রীলঙ্কান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।