শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

শাহজালালে বিশৃঙ্খলা: সাবেক মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৭:১২ পিএম

শাহজালালে বিশৃঙ্খলা: সাবেক মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং নিরাপত্তা কর্মকর্তাদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের লাগেজ ডেলিভারি পেতে কিছুটা বিলম্ব ঘটে, যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাঁর ওপর চড়াও হন।

এজাহারে অভিযোগ করা হয়, তিনি নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালাগাল করেন, ঘাড় ধাক্কা দিয়ে বিমানবন্দর থেকে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন এবং বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন। মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা টার্মিনালের সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন সংরক্ষিত এলাকার নিয়ম মেনে এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তিনি ওই নিরাপত্তা সুপারভাইজারকে গালিগালাজ করে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

একই সঙ্গে তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল মেঝেতে ছুড়ে ফেলে দেন এবং ঘটনাস্থলে উপস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী ও আক্রমণাত্মক আচরণ করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি দায়িত্ব পালনে বাধা, কর্মকর্তাদের মারধর এবং জীবননাশের ভয়ভীতি প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়। 

পুলিশ জানিয়েছে, টার্মিনালের সংরক্ষিত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। পরবর্তীতে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।