বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মাত্র ২০০ টাকায় প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স সেন্টার

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৩৯ পিএম

মাত্র ২০০ টাকায় প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার্স সেন্টার

বিদেশগামী কর্মীদের বিশ্রাম নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই গড়ে তোলা হয়েছে ওয়েজ আর্নার্স সেন্টার। মাত্র ২০০ টাকা ভাড়ায় এখানে থাকার সুযোগ রয়েছে। প্রচারণার অভাব ও বেহাল সড়কের কারণে এটি বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকছে। অনেকেরই অজানা এই সরকারি সুবিধার কথা।

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১৪০ কাঠা জমির ওপর নির্মিত এই কেন্দ্রটি ২০২২ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয়। বিমানবন্দর থেকে এর দূরত্ব সাড়ে ৬ কিলোমিটার। এখানে ১০০ টাকা আবেদন ফি ও প্রতিদিন ২০০ টাকা ভাড়ায় সর্বোচ্চ ২ রাত পর্যন্ত থাকতে পারেন প্রবাসীরা। পুরুষ ও নারীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধাও দেওয়া হয়।

স্বাভাবিক সময়ে বিমানবন্দর থেকে এই কেন্দ্রে পৌঁছাতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। সেনাবাহিনীর ২৪ ব্রিগেডের তত্ত্বাবধানে দুই বছর ধরে সড়কের সংস্কার কাজ চলছে। এতে যাতায়াতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের বেহাল দশার কারণেই প্রবাসীরা এই কেন্দ্রমুখী হচ্ছেন না বলে দাবি কর্তৃপক্ষের।

দূরদূরান্ত থেকে আসা প্রবাসীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে পৌঁছে মেঝেতে বা রেলিংয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। অনেক প্রবাসী এবং বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছেও এই সরকারি আবাসন সুবিধার বিস্তারিত তথ্য নেই। সরেজমিনে ওই সেন্টারে গিয়ে মাত্র ৩ জন প্রবাসীকে অবস্থান করতে দেখা যায়।