শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আলিমুদ্দিন স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২, ২০২৬, ০৭:১৫ পিএম

দিনাজপুরে আলিমুদ্দিন স্মৃতি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাহুতপাড়া ফুটবল ক্লাব ও এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে মাঠজুড়ে ক্রীড়াপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ফাইনাল খেলার উত্তেজনাকে ঘিরে স্থানীয় তরুণ ও সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।

প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য ও জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন। খেলা শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা মাঠে নেমে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক বিকাশ এবং তরুণ সমাজকে মাদক ও সামাজিক অপরাধের অন্ধকার পথ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল রাখতে প্রতিটি পাড়া-মহল্লায় ক্রীড়া চর্চা অব্যাহত রাখার তাগিদ দেন তাঁরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার সহসভাপতি মো. জুলফিকার রহমান বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো. মঞ্জুর মুর্শেদ সুমন। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম তাজ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ এবং জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক সম্পাদক মো. ইনসান আলী উপস্থিত ছিলেন।

মাঠে গড়ানো খেলায় উভয় দলের খেলোয়াড়দের দুর্দান্ত ক্রীড়ানৈপুণ্য ও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠজুড়ে রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি হয়। মাহুতপাড়া ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ ও ক্রীড়ামোদী দর্শক করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

আয়োজক কমিটি জানিয়েছে, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায়ে একটি সুস্থ ও ইতিবাচক বিনোদনমূলক পরিবেশ গড়ে তোলাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের মতে, আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের এই জমজমাট আয়োজন এলাকার তৃণমূল ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।